কুয়েতে আমদানি করা মাছের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে বিক্রির অভিযোগে ২৭ জনকে আটক করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। এ সময় জব্দ করা হয়েছে ৮৯৪ বাক্স মাছ এবং ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন যান। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অসাধু চক্রটি মাছের বাক্সে নকল উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসংবলিত লেবেল লাগিয়ে মাছের বিক্রয়যোগ্য মেয়াদ বাড়ানোর চেষ্টা করছিল। এসব মাছ রেস্তোরাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে সরবরাহের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে জাল লেবেল তৈরি ও ছাপানোর কাজে ব্যবহৃত একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি প্রিন্টিং প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও অনিয়মের তথ্য উঠে এসেছে। আটক ব্যক্তিদের ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আটককৃতদের নাম পরিচয় ও জাতীয়তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।








Discussion about this post