কুয়েতে অবৈধভাবে গর্ভপাতের ওষুধ বিক্রির অভিযোগে এক মিসরীয় প্রবাসীকে আটক করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। এ সময় তার কাছ থেকে মোট ৩৯২টি গর্ভপাতের ওষুধের বড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৫২০ কুয়েতি দিনার। মঙ্গলবার (৩ নভেম্বর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব টাইমস জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শেষে আল-জাহরা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছে সাতটি বড়ি পাওয়া যায়। পরে খাইতান এলাকায় তার বাসায় তল্লাশি চালিয়ে আরও ৩৮৫টি বড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা ওষুধের সংখ্যা দাঁড়ায় ৩৯২টি। তল্লাশির সময় বিক্রির জন্য প্রস্তুত রাখা কিছু নারীদের পোশাকও উদ্ধার করা হয়। তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এসব পোশাক বিক্রির প্রচার চালাতেন ওই ব্যক্তি। পাশাপাশি, তিনি তার নিজ সম্প্রদায়ের অন্য এক ব্যক্তির কাছ থেকে গর্ভপাতের ওষুধ সংগ্রহ করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।







Discussion about this post