শনিবার কুয়েত সময় আনুমানিক সকাল ১১টা থেকে কুয়েত এর বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপর সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। দুপুর ১২টার দিকে আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল ইফতারের আগ মুহূর্তে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ড্রোন হামলার ঘটনায় কিছু ক্ষয়ক্ষতি এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে। আজ রোববার সকালে সাইরেনের শব্দ আরও ঘন ঘন শোনা গেলেও বর্তমানে কুয়েতের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনজীবন ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে এবং কোথাও বড় ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একই সঙ্গে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস কুয়েত কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকের জন্য একটি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে, নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে
নগদ টাকা, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার এবং পানির ব্যবস্থা। দূতাবাস আরও জানিয়েছে, কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের সব নির্দেশনা মেনে চলতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সংক্রান্ত কোনো ভিডিও বা ছবি সামাজিক মাধ্যমে আপলোড না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করতে বলা হয়েছে +৯৬৫৬৯৯২০০১৩, +৯৬৫৬৬৫১৬৪০৪, +৯৬৫৫০৮৯৫১৬১। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শনিবার থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি তাদের সব আগমন ও প্রস্থান ফ্লাইট স্থগিত করেছে। এদিকে কুয়েতের সমাজকল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জনসাধারণকে আশ্বস্ত করেছে যে, দেশের সব সমবায় সমিতিতে খাদ্য পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং পর্যাপ্ত খাদ্যপণ্য ও প্রয়োজনীয় সামগ্রীর মজুদ রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকরা যাতে সর্বোত্তম সেবা পান তা নিশ্চিত করতে দেশব্যাপী সব সমবায় সমিতি ও তাদের শাখাগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খাদ্যপণ্য ও পানির মজুদ প্রচুর রয়েছে এবং ক্রেতাদের চাহিদা মেটাতে সমবায়গুলো পূর্ণ সক্ষমতায় কাজ করছে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, কুয়েতজুড়ে খাদ্য ও পানির পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে অপ্রয়োজনে আতঙ্কিত না হয়ে কেবল অফিসিয়াল ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করতে। বর্তমানে কুয়েতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত আছে।








Discussion about this post