কংক্রিটের স্থায়িত্ব বাড়ানো এবং ফাটল ও আঘাত সহ্য করার সক্ষমতা উন্নত করতে নতুন ধরনের সিনথেটিক পলিমার ফাইবার উদ্ভাবন করেছে কুয়েত ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ কেআইএসআর। পলিপ্রোপিলিন ও পলিইথিলিনের মিশ্রণে তৈরি এসব ফাইবার নির্মাণ খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে কেআইএসআর জানায়, প্রতিষ্ঠানটির পেট্রোলিয়াম রিসার্চ সেন্টার এ গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। প্রকল্পটি পরিচালিত হয় পেট্রোকেমিক্যালস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি প্রোগ্রামের পরিচালক ড. সালাহ আল-এনেজির নেতৃত্বে। এতে সহযোগিতা করেছে ইকুয়েট পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং আর্থিক সহায়তা দিয়েছে কুয়েত ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সেস। গবেষণায় পলিপ্রোপিলিন ও লিনিয়ার লো-ডেনসিটি পলিইথিলিনের মিশ্রণ থেকে তৈরি পলিমার ফাইবার কংক্রিটে ব্যবহারের উপযোগী করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এসব ফাইবারযুক্ত কংক্রিটের আঘাত প্রতিরোধের ক্ষমতা ও দৃঢ়তা বেড়েছে। ফাটল সৃষ্টি হওয়ার পরও ভার বহনের সক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে। তবে কংক্রিটের সংকোচনজনিত শক্তির ওপর এর প্রভাব সীমিত। গবেষকদের মতে, শিল্পকারখানার মেঝে, সড়কের পেভমেন্ট এবং আগে থেকে তৈরি কংক্রিটের বিভিন্ন উপাদান নির্মাণে এ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। এতে নির্মাণসামগ্রীর কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে প্রাপ্ত পলিমারকে মূল্য সংযোজিত প্রকৌশল পণ্যে রূপান্তরের সুযোগ তৈরি হবে। কেআইএসআর জানিয়েছে, এ গবেষণার ফলাফল আন্তর্জাতিকভাবে পর্যালোচিত Journal of Building Engineering সাময়িকীতে প্রকাশের জন্য জমা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, স্থানীয় কাঁচামালের কার্যকর ব্যবহার, গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নকে সহায়তা করার বৃহত্তর উদ্যোগের অংশ এ প্রকল্প।








Discussion about this post