বাংলার বার্তা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের জনপ্রিয় ‘বিগ টিকিট’ ড্র-তে বিলাসবহুল রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রানু মিয়া। প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের এই ‘ড্রিম কার’ জয়ে উচ্ছ্বসিত তিনি। আবুধাবীর জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের ‘বিগ টিকিট’ ড্র-তে সৌভাগ্যের শিকে ছিঁড়েছে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রানু মিয়ার। ০২২৩৯১ নম্বর টিকিটের মাধ্যমে তিনি জিতেছেন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার ভেলার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি টাকা। ৩৯ বছর বয়সী রানু মিয়া পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তিনি গত ১৮ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত রয়েছেন এবং বর্তমানে আল আইনে বসবাস করছেন। দীর্ঘদিনের পরিশ্রমী এই প্রবাসী গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে বিগ টিকিটের বিভিন্ন ড্র-তে অংশগ্রহণ করে আসছিলেন। অবশেষে তাঁর সেই ধৈর্য ও প্রত্যাশার সফল পরিণতি এসেছে এই আকর্ষণীয় পুরস্কার জয়ের মাধ্যমে। পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রানু মিয়া বলেন, এই জয়টি আমার জন্য শুধু একটি গাড়ি নয়, বরং কঠিন সময় পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সত্যিই এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, জেতা গাড়িটি নিজের কাছে রাখবেন, নাকি এর সমমূল্যের নগদ অর্থ গ্রহণ করবেন সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। প্রবাসজীবনের দীর্ঘ সংগ্রামের পর এমন একটি অর্জন রানু মিয়া এবং তাঁর পরিবারের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তাঁর এই সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও উচ্ছ্বাস দেখা দিয়েছে।








Discussion about this post