কুয়েতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসহ বিভিন্ন দেশের ১৫ জনকে আটক করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। পৃথক ১২টি মাদকসংক্রান্ত মামলায় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক মিশ্রিত বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, অভিযানে জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১ দশমিক ১১ কেজি ক্রিস্টাল মেথ বা শাবু, ১ কেজি গাঁজা, হেরোইন, কোকেন ও হাশিশ। এ ছাড়া মাদকদ্রব্য মেশানো রাসায়নিক পদার্থযুক্ত ২৩৫টি কাগজ, ১২৩ বোতল হেয়ার অয়েল, গাঁজাজাতীয় মাদকযুক্ত ১০টি অ্যাম্পুল এবং ১৬টি লিরিকা ক্যাপসুল জব্দ করা হয়েছে। মাদক পরিমাপের জন্য ব্যবহৃত চারটি ডিজিটাল স্কেলও উদ্ধার করা হয়।এর মধ্যে একটি ঘটনায় কুয়েতের কাস্টমস বিভাগের সঙ্গে সমন্বিত অভিযান চালিয়ে এক বাংলাদেশিকে আটক করা হয়। মাদকদ্রব্য মিশ্রিত হেয়ার অয়েলের বোতলভর্তি একটি চালান গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কুয়েতের বাইরে অবস্থানরত এক ব্যক্তির সঙ্গে সমন্বয় করে এসব পণ্য মাদক ব্যবসার উদ্দেশ্যে আমদানির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অন্যদিকে, পৃথক অভিযানে আহমাদি গভর্নরেটের নিরাপত্তা বিভাগ মানগাফ এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করে। তার কাছ থেকে হেরোইন, ক্রিস্টাল মেথ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিদের এবং জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে দেশজুড়ে নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।








Discussion about this post