কুয়েতে স্কুলবাস চলাচলে বিধিনিষেধ আরোপের পর পরিবহন সংকটে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। হঠাৎ করে বেশ কিছু স্কুলবাসের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি। কোথাও পরীক্ষা স্থগিত, কোথাও বাতিল করা হয়েছে শিক্ষা সফর ও অন্যান্য কার্যক্রম। বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত খরচের মুখেও পড়ছেন অভিভাবকরা। কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে শিক্ষার্থী ও শ্রমিক পরিবহনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস চলাচলের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। নির্দিষ্ট অনুমোদন ছাড়া কোনো পরিবহন কোম্পানি অর্থের বিনিময়ে শিক্ষার্থী বা শ্রমিক পরিবহন করতে পারবে না। এমনকি এক কোম্পানির লাইসেন্সের আওতায় থাকা বাস অন্য কোম্পানির কাছে ভাড়া দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিল এবং অবৈধভাবে বাস পরিচালনায় জড়িত প্রবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। কয়েকটি স্কুল পরীক্ষা ও শিক্ষা সফর স্থগিত করে। কোথাও কোথাও বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। জুলাইব আল-শুয়ুখ এলাকার একটি স্কুলের ছয় বছর বয়সী এক শিক্ষার্থী বাস না পাওয়ায় স্কুলে যেতে পারেনি। অন্যদিকে, সালমিয়ার এক অভিভাবক জানান, মেয়ের পরীক্ষার দিন সকালে বাস বন্ধের খবর পেয়ে বিকল্প পরিবহনের জন্য ট্যাক্সি বা রাইড অ্যাপ ব্যবহার করতে হয়। এতে তার অতিরিক্ত পাঁচ কুয়েতি দিনার খরচ হয়েছে। শুধু শিক্ষার্থী নয়, বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স ও কর্মীরাও কর্মস্থলে পৌঁছাতে সমস্যায় পড়েছেন। সংশ্লিষ্ট অভিভাবক ও পরিবহন খাতের ব্যক্তিরা সরকারের নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানালেও আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ না করে পরিবহন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের জন্য সময় দেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে, স্কুলের নিজস্ব মালিকানাধীন ও পরিচালিত বাসের বাইরে বেসরকারি পরিবহন কোম্পানির মাধ্যমে শিক্ষার্থী পরিবহনের বৈধতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত জানতে চাওয়া হলেও নতুন কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে কুয়েত টাইমস। হঠাৎ এ সিদ্ধান্তে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে অভিভাবকদের বাড়তি পরিবহন ব্যয় ও কর্মজীবী পরিবারের দৈনন্দিন জীবনেও তৈরি হয়েছে নতুন চাপ।







Discussion about this post