কুয়েতের মিনা আবদুল্লাহ শিল্প এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে গোপনে তৈরি করা হয়েছিল অবৈধ মদের কারখানা। সেখানে অভিযান চালিয়ে তিন নেপালি ও এক ভারতীয় নাগরিকসহ চার এশীয় প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১৫ নভেম্বর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আহমাদি গভর্নরেটের নিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা মদ তৈরি ও সংরক্ষণের অভিযোগে ওই চারজনকে আটক করেন। অভিযানের সময় তাদের মদ্যপ অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী তদন্তে শিল্প এলাকার একটি অকেজো বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে গোপনে মদ উৎপাদন ও সংরক্ষণের ব্যবস্থা থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১ দশমিক ৫ লিটার ধারণক্ষমতার ১৯৪ বোতল ভর্তি মদজাতীয় তরল উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন আকারের পাঁচটি ব্যারেল, বোতলে মদ ভরার কাজে ব্যবহৃত তিনটি সিরিঞ্জ এবং জব্দ করা বোতল রাখার জন্য ব্যবহৃত ২৮টি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পাঁচটি ব্যারেলের একটিতে মদজাতীয় তরল পাওয়া যায়। আটক চারজন এবং জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধীদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।







Discussion about this post