কুয়েতে বৃষ্টির মৌসুমে সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কবার্তা ট্রাফিক বিভাগের। কুয়েতে বৃষ্টির মৌসুম সামনে রেখে সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ির টায়ার, ব্রেক, উইন্ডশিল্ড ওয়াইপার ও লাইট পরীক্ষা করার আহ্বান জানিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং আবহাওয়া ও সড়কের পরিস্থিতি অনুযায়ী গতি নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কুয়েতের ট্রাফিক সচেতনতাবিষয়ক বিভাগের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ বু হাসান কুয়েত রেডিওর ‘সাবাহ’ অনুষ্ঠানে বলেন, বৃষ্টির কারণে সড়কে দৃশ্যমানতা কমে যায় এবং টায়ারের সঙ্গে রাস্তার ঘর্ষণক্ষমতা হ্রাস পায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই যাত্রা শুরুর আগে গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করা এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানো জরুরি। তিনি আরও বলেন, সড়ক বন্ধ কিংবা যান চলাচলের বিকল্প পথ সম্পর্কে জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করা উচিত। পাশাপাশি নেভিগেশন ও ম্যাপ অ্যাপ ব্যবহার করে যানজট এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন তিনি। কুয়েতে ক্যাম্পিং বা বিনোদনের উদ্দেশ্যে মরুভূমিতে যাতায়াতকারীদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ। বিশেষ করে প্রধান সড়ক ও এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অন্য যানবাহনের চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া অফ-রোড মোটরসাইকেল চালকদের প্রধান সড়ক ব্যবহার না করে নির্ধারিত ও নিরাপদ স্থানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যস্ত এলাকায় পথচারীদের চলাচলের সময় চালকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা। পথচারীদেরও নির্ধারিত ক্রসিং ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, বৃষ্টির সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।








Discussion about this post