কুয়েত প্রতিনিধি: কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও টুর্নামেন্ট পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশি ক্রিকেট দলগুলোর টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত (BCAK)। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৫টায় আরবাবাসিয়া হোটেল হাইল্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েতের উদ্যোগে আয়োজিত সভায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি ক্রিকেট দলগুলোর টিম ম্যানেজমেন্টকে আমন্ত্রণ জানানো হয়। সভায় কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, টুর্নামেন্ট পরিচালনা এবং ক্রিকেটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর খান পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের আইটি প্রধান ইঞ্জিনিয়ার মো. মুস্তাফিজুর রহমান। সভায় বক্তারা কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে ক্রিকেটের আগ্রহ সৃষ্টি এবং খেলাধুলার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েতের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন সভা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, কুয়েতে বাংলাদেশি ক্রিকেটকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে দলগুলোর টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সভায় কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের ঐক্য, উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে পারস্পরিক মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রবাসে ক্রিকেটের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।






Discussion about this post