কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে অনুমোদিত ভিসা ট্রান্সফার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ স্মরণ করিয়ে দিয়েছে যে, শ্রমবাজারের চাহিদা পূরণ এবং কর্মসংস্থান ব্যবস্থাকে আরও কার্যকর ও নমনীয় করতে চালু করা এই বিশেষ সুবিধার মেয়াদ ৩০ জুনের পর আর বহাল থাকবে না। কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি বছরের ১ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত একটি অস্থায়ী সিদ্ধান্তের আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, শিল্প, কৃষি, প্রাণিসম্পদ এবং মৎস্য খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের নির্দিষ্ট শর্তসাপেক্ষে অন্য খাতে ভিসা স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। তবে প্রতিটি ট্রান্সফারের ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তার অনুমোদন বাধ্যতামূলক। কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো শ্রমবাজারে বিদ্যমান প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করা এবং একই সঙ্গে নিয়োগকর্তা ও শ্রমিকদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা। কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে যে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর এই বিশেষ সুবিধার আওতায় নতুন কোনো ভিসা ট্রান্সফার আবেদন গ্রহণ করা হবে না। তাই যেসব প্রতিষ্ঠান ও কর্মী এই সুযোগের আওতায় ভিসা স্থানান্তর করতে ইচ্ছুক, তাদের দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। শ্রমবাজার সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির পুনর্বিন্যাস সহজ হবে এবং শ্রমঘাটতি মোকাবিলায় নিয়োগকর্তারা উপকৃত হবেন।








Discussion about this post