সামাজিক যোগাযোগমাধ্যমে জনশালীনতাবিরোধী ভিডিও প্রকাশের অভিযোগে অ্যাকাউন্টের মালিকসহ ভিডিওতে থাকা একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের ফারওয়ানিয়া গভর্নরেট তদন্ত শাখা সাইবার অপরাধ বিভাগের সহযোগিতায় ওই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টটি শনাক্ত করে। অ্যাকাউন্টটিতে প্রকাশিত ভিডিওতে আল-মুতলা এলাকায় একটি ক্যাম্পে ভারতীয় নাগরিকদের কয়েকজনের উপস্থিতিতে আপত্তিকর আচরণের দৃশ্য দেখা যায়। ভিডিওতে বিপরীত লিঙ্গের পোশাক পরার ঘটনাও ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তে অ্যাকাউন্টটির মালিককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অ্যাকাউন্টটির মালিকানা স্বীকার করেন এবং ভিডিও ধারণ ও প্রকাশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন বলে জানান। পরবর্তী নিরাপত্তা অভিযানে ভিডিওতে থাকা অন্য ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কুয়েতের প্রচলিত আইন ও সামাজিক শালীনতা লঙ্ঘনের অভিযোগে এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।








Discussion about this post