
কুয়েতে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীদের ১০টি দল অংশ নেয়। শুক্রবার জিলিব ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও ক্রিকেট প্রতিভা বিকাশে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা। প্রবাসের কর্মব্যস্ত জীবনে ক্রিকেট যেন এক টুকরো আনন্দ, ঐক্য আর সম্প্রীতির উপলক্ষ। সেই লক্ষ্য সামনে রেখে কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা শেষে শুক্রবার জিলিব ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে নামে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১৮ ওভার এক বল খেলে সব উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে দলটি। ফলে শিরোপা জিততে আইআইওয়াই স্পোর্টিং ক্লাবের লক্ষ্য দাঁড়ায় ১৫০ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত লক্ষ্যের দিকে এগিয়ে যায় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। ১৮ ওভার দুই বল খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। এর মধ্য দিয়ে ফাইনালে জয় নিশ্চিত করে আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন কয়েকজন ক্রিকেটার। ফাইনালে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মো. সজিব। টুর্নামেন্টে ৬০৪ রান করে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন গুজরাটের আশফিক। আর ১৪ উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টে খেলার পরিকল্পনা আছে তাদের। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন এমন উদ্যোগে বিভিন্ন দেশের প্রবাসী ক্রিকেটাররা পেয়েছেন নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ। একই সঙ্গে মাঠের খেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে পারস্পরিক পরিচিতি, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধন। প্রবাসে নতুন প্রজন্মের ক্রিকেটারদের উৎসাহিত করতেও এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন বলেন
এই টুর্নামেন্টে যেমন ছিল শিরোপা জয়ের লড়াই, তেমনি ছিল প্রবাসীদের মিলনমেলা। ব্যাটে-বলে পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ প্রমাণ করেছে, খেলাধুলা প্রবাসে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ আরও বাড়বে।








Discussion about this post