কুয়েতে কম খরচে গৃহকর্মী সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক ভারতীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৬ অক্টোবর) আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির জন্ম ১৯৭০ সালে। তিনি একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি কুয়েতি নাগরিকদের প্রচলিত বাজারমূল্যের অর্ধেক দামে গৃহকর্মী সরবরাহের প্রতিশ্রুতি দিতেন। এ প্রলোভনে ফেলে তিনি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিতেন। পরে প্রতিশ্রুতি পূরণ না করে যোগাযোগ বন্ধ করে দিতেন বলে অভিযোগ রয়েছে। তথ্য অনুসন্ধানের পর আল-ফাইহা তদন্ত বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় প্রতারণার শিকার ব্যক্তির সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের মোট পরিমাণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
সূত্র: আরব টাইমস, কুয়েত, ২৬ অক্টোবর ২০২৬।








Discussion about this post