বাংলার বার্তা ডেস্ক। কুয়েতে বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল চুরি করে বিক্রির অভিযোগে মিশরীয় ও বাংলাদেশি নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী ও তার কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর বিদ্যুৎ ক্যাবল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিশরীয় ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন নজরদারি ও অনুসন্ধানের পর সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী এবং তার কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল বারবার চুরি করে সেগুলো বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্তের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী একটি গুদামের সন্ধান পায়, যেখানে চুরি করা মালামাল সংরক্ষণ করা হতো। তদন্তে জানা যায়, গুদামটি একজন কুয়েতি নাগরিকের মালিকানাধীন এবং মাসিক ২০০ কুয়েতি দিনার ভাড়ায় অভিযুক্তদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। পরিদর্শনের সময় গুদামটিতে পৌরসভার বিধিমালা ও কুয়েত ফায়ার ফোর্সের অগ্নি-নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে কুয়েত ফায়ার ফোর্স আইনগত ব্যবস্থা গ্রহণ করে গুদামটি বন্ধের নির্দেশ দেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি অবকাঠামো চুরি ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।






Discussion about this post