কুয়েত ভিত্তিক স্বল্পমূল্যের বিমান সংস্থা জাজিরা এয়ারওয়েজ উপসাগরীয় (জিসিসি) দেশগুলোর বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। সীমিত সময়ের এই অফারের আওতায় যাত্রীরা একমুখী ও রিটার্ন উভয় ধরনের টিকিটে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত টিকিট বুকিং করলে এই অফার পাওয়া যাবে। ভ্রমণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ছাড় পেতে বুকিংয়ের সময় J9GCC50 প্রোমো কোড ব্যবহার করতে হবে। এই অফারটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমানের বিভিন্ন গন্তব্যে প্রযোজ্য। গন্তব্যগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, জেদ্দা, মদিনা, আবহা, তায়েফ, হাইল, কাসিম, দুবাই, আবুধাবি, আল আইন, দোহা, সালালাহ ও বাহরাইন। জাজিরা এয়ারওয়েজের চিফ কমার্শিয়াল অফিসার পল ক্যারল বলেন, জিসিসি অঞ্চলে ব্যবসায়িক ও অবকাশ যাত্রার চাহিদা সবসময়ই বেশি। এই প্রচারণার মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় সহজে ভ্রমণের সুযোগ পাবেন এবং প্রতিষ্ঠানটির বিস্তৃত রুট নেটওয়ার্ক ও সুবিধাজনক ফ্লাইট সূচির সুবিধা নিতে পারবেন। তবে এয়ারলাইনটি জানিয়েছে, এই ছাড় শুধুমাত্র বেস ভাড়ার (Base Fare) ওপর প্রযোজ্য। কর, বিমানবন্দর ফি এবং অন্যান্য প্রযোজ্য চার্জ যাত্রীকে পরিশোধ করতে হবে। এছাড়া অফারটি অন্য কোনো প্রচারণার সঙ্গে একসঙ্গে ব্যবহার করা যাবে না এবং আসন ও ভাড়ার প্রাপ্যতা সাপেক্ষে এই সুবিধা মিলবে।






Discussion about this post